পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে দলবদলের হিড়িক তুঙ্গে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অর্জুন সিংয়ের ভগ্নীপতি সুনীল সিং। গত বছর শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরেই দলবদলের ইঙ্গিত মিলেছিল। সুনীলের সঙ্গেই পদ্ম পতাকা হাতে তুলে নিলেন হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি। বিজেপিতে যোগ দিয়েই রাজুর দাবি, “তৃণমূলে থেকে মানুষের জন্য কাজ করা অসম্ভব হয়ে পড়েছিল।”
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার অন্যপ্রান্তে উল্টো ছবি। বিজেপি ছেড়ে ফের পুরনো দল তৃণমূলে ফিরলেন বসিরহাটের দাপুটে নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। ২০২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন তিনি। সোমবার বসিরহাটে তৃণমূল জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিনের হাত ধরে তাঁর এই ‘ঘর ওয়াপসি’ বিশেষ তাৎপর্যপূর্ণ। বাবু মাস্টারের দাবি, বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। ভোটের মুখে হেভিওয়েটদের এই যাতায়াত উত্তর ২৪ পরগনার নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলল।





