ছট পুজো/ভোটের তাড়া! ভিড়ের ঠেলায় চলন্ত ট্রেন থেকে ছিটকে ২ বিহারী পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

উৎসবের মরসুম এবং বিহার বিধানসভা নির্বাচনের আগে বাড়ি ফেরার চরম দুর্ভোগের সাক্ষী থাকল মুম্বই-বিহারগামী একটি এক্সপ্রেস ট্রেন। অতিরিক্ত ভিড়ের চাপে লোকালয় ছাড়িয়ে আসার আগেই চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই যাত্রীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।

জানা গিয়েছে, রবিবার মুম্বইয়ের লোকমান্য তিলক রেলস্টেশন থেকে কর্মভূমি এক্সপ্রেস (Karmabhoomi Express) ছাড়ার পর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

কীভাবে ঘটল মর্মান্তিক ঘটনা?
পুলিশ সূত্রে খবর, পরিযায়ী বিহারীরা ছট পুজো এবং আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছিলেন। মুম্বই স্টেশন থেকে ঠাসাঠাসি করে তাঁরা কোনোক্রমে কর্মভূমি এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন। ট্রেনটি নাসিক স্টেশন থেকে খানিকটা দুরত্বে পৌঁছতেই ভিড়ের চরম ধাক্কায় তিন যাত্রী ছিটকে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান।

তাঁদের মধ্যে ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তৃতীয় যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উৎসব না ভোটের তাড়া? তদন্তে রেল
সাধারণত ছট পুজোর আগে পর্যাপ্ত ট্রেনের অভাবে পরিযায়ী বিহারীদের প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার ধুম পড়ে যায়। এবারে তার সঙ্গে যোগ হয়েছে বিধানসভা নির্বাচন।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ও আহত ওই তিন যাত্রী ঠিক কী কারণে এত ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছিলেন— তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা দীপাবলি ও ছট উৎসব উদযাপন করতে যাচ্ছিলেন, নাকি বিহার নির্বাচনে ভোট দিতে যাচ্ছিলেন, সেই বিষয়ে তদন্ত চলছে।

তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ভিড়ের কারণেই ট্রেন থেকে পড়ে গিয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ আকস্মিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ওই তিন যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের ব্যাগপত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনা উৎসবের মরসুমে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার চরম দুর্দশার ছবিটাকেই ফের একবার সামনে এনে দিল।