চোট সারিয়েও ফেরা হলো না! কেন চুক্তি ছিন্ন করতে হলো মাদিহ তালালের সঙ্গে? মুখ খুললেন বিদায়ী ফরাসি তারকা!

পঞ্জাব এফসি-র জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্সের পর যে ফরাসি প্লে-মেকারকে নিয়ে ইস্টবেঙ্গল স্বপ্ন দেখেছিল, তাঁর সঙ্গে সম্পর্কের ইতি টানল ক্লাব কর্তৃপক্ষ। মাদিহ তালালকে (Madih Talal) মাঝপথেই বিদায় জানাল লাল-হলুদ ব্রিগেড। এসিএল চোটে দীর্ঘদিনের জন্য মাঠ থেকে ছিটকে যাওয়ায়, সুপার কাপের আগেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফরাসি ফুটবলারের সঙ্গে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ সেরে ফেলল কলকাতা জায়ান্টরা।
গত মরশুমে দু’বছরের জন্য তালালের আগমনকে ‘প্রজেক্ট-টি’ বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওড়িশা এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে চোট পেয়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন, যা শেষ করে দেয় তাঁর মরশুম।
চোট ও প্রত্যাবর্তনের কঠিন লড়াই
লাল-হলুদ জার্সিতে গত মরশুমে ১০টি আইএসএল ম্যাচ খেলার পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টারে পৌঁছনোর পিছনেও তালালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চ্যালেঞ্জ লিগে তাঁর নামে একটি গোলের পাশাপাশি ছিল তিনটি অ্যাসিস্ট। আইএসএলের শুরুতে টানা হারের পর তাঁর থেকে যখন প্রত্যাশা বাড়ছিল, ঠিক তখনই চোট পেয়ে ছিটকে যান তিনি।
চোটের জায়গায় অস্ত্রোপচারের পর তালাল ধীরে ধীরে রিহ্যাব শুরু করলেও, ক্লাব কর্তৃপক্ষ মনে করছে ম্যাচ ফিট হতে তাঁর আরও সময় দরকার। এই কারণে নতুন মরশুমে তাঁকে পাওয়া যাবে না ধরেই দল গঠন করেছেন কোচ অস্কার ব্রুজোঁ। ইতিমধ্যে ছয়জন বিদেশি চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল এবং প্লে-মেকার হিসেবে তালালের পরিবর্তে নেওয়া হয়েছে মিগুয়েল ফিগেরাকে। সবদিক বিবেচনা করে বুঝেশুনেই এই ফরাসি ফুটবলারের সঙ্গে চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন তালাল:
ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন মাদিহ তালাল। তিনি লেখেন:
“সাঙ্ঘাতিক একটা চোটের পর তাড়াতাড়ি মাঠে ফিরতে সবটা উজাড় করে দিয়েছিলাম। কিন্তু লাল-হলুদ জার্সিটা পুনরায় গায়ে চাপানো ততটা সহজ হলো না যতটা মনে করেছিলাম। কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, রিহ্যাবের সময় আমার খোঁজ নিয়েছেন সকলকে কৃতজ্ঞতা। ফের মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত সবকিছুর জন্য ধন্যবাদ।”
তালালের এই বিদায় লাল-হলুদ সমর্থকদের মনে খানিকটা আক্ষেপের জন্ম দিলেও, নতুন প্লে-মেকার মিগুয়েল ফিগেরাকে নিয়ে এবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ইস্টবেঙ্গল।