ট্রফি নিয়ে ‘পালিয়ে গেলেন’ নকভি, এসিসি-কে ধুয়ে দিলেন সূর্যকুমার, সেনা জওয়ানদের ম্যাচের ফি দান ভারত অধিনায়কের

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পরও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটল চূড়ান্ত নাটক। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর চেয়ারম্যান এবং পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করলেন ভারতীয় ক্রিকেটাররা। শেষমেশ চূড়ান্ত অপমানিত নকভি ট্রফি নিয়েই হোটেল রুমে ‘পালিয়ে যান’, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
সূর্যকুমারের ক্ষোভ: ‘এমন অদ্ভুত জিনিস দেখিনি’
ফাইনাল শেষে প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ধুয়ে দেন। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। সূর্য বলেন:
“খেলা শুরু করার পর এবং যবে থেকে ক্রিকেট ফলো করছি, এমন অদ্ভুত জিনিস আমি দেখিনি। চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হলো না। তাও আবার কষ্ট করে জেতা ট্রফি।”
সূর্যকুমার অবশ্য জানান, তাঁর আসল ট্রফি ড্রেসিং রুমে রয়েছে— তাঁর ১৪ জন সতীর্থ এবং সাপোর্ট স্টাফ, যাঁদের জন্যই এই খেতাব জয় সম্ভব হয়েছে।
ভারতীয় সেনাকে ম্যাচ ফি দান
দেশের এই জয়ের দিনে মাঠের বাইরে এক মহৎ সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। তিনি ঘোষণা করেন, এবারের এশিয়া কাপের তাঁর সব ম্যাচের ম্যাচ-ফি ভারতীয় সেনাকে দান করছেন তিনি।
নকভির ‘অখেলোয়াড়োচিত’ আচরণে বিসিসিআই ক্ষুব্ধ
দুবাইয়ের রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্তে ধর্নুভাঙা পণ করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। শেষমেশ ট্রফি নিয়ে নকভি মঞ্চ ছাড়লে ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া নকভির এই আচরণকে ‘অখেলোয়াড়োচিত’ বলে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে আমরা অস্বীকার করেছিলাম। কারণ তিনি পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রীও। এটাই আমাদের সিদ্ধান্ত ছিল।”
সইকিয়া আরও বলেন, “মেডেল ও ট্রফি নিয়ে চলে যাওয়ার অধিকার ওকে কে দিয়েছে! অত্যন্ত হতাশাজনক ও অখেলোয়াড়োচিত আচরণ।” তিনি আশা প্রকাশ করে বলেন, ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটারদের দ্রুত ফিরিয়ে দেওয়া হবে।
বিসিসিআই সচিব আরও জানান, নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি কনফারেন্স হবে। সেই সম্মেলনে এসিসি চেয়ারম্যান মহসিন নকভির এই আচরণের তীব্র প্রতিবাদ জানাবে বিসিসিআই।