বিধানসভা নির্বাচনের মুখে ফের তপ্ত রাজ্য রাজনীতির ‘এপিসেন্টার’ নন্দীগ্রাম। প্রচারের ময়দানে নেমে শাসক দলকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বয়াল, রামচক ও মনুচক এলাকায় ঝোড়ো প্রচার সারলেন তিনি। জনসংযোগের ফাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বর্তমান প্রার্থী পবিত্র করকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু।
এদিন প্রচার মঞ্চ থেকে আত্মবিশ্বাসের সুরে শুভেন্দু বলেন, “চোখ বেঁধে দিলেও আমি নন্দীগ্রামের আটঘাট চিনি।” গতবার মুখ্যমন্ত্রীকে পরাজিত করার প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করেন, “ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবারও লড়বেন, কিন্তু তিনি সাহস পাননি। বিজেপি থেকে একজনকে ভাড়া করে প্রার্থী করেছেন।” তৃণমূল প্রার্থী পবিত্র করকে বিঁধে তাঁর বক্তব্য, পবিত্র বাবু জানেন তিনি হারবেন, তাই বিজেপির পঞ্চায়েত সদস্য পদটা এখনও ছাড়েননি। ইভিএমে নিজের এক নম্বর পজিশনের কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু দাবি করেন, তাঁকে নতুন করে চেনানোর প্রয়োজন নেই, মানুষ তাঁর উন্নয়ন দেখেই ভোট দেবেন।





