চৈত্র মাসেও বৃষ্টির বিরাম নেই পশ্চিমবঙ্গে। উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির প্রভাবে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমেছে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে ১৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে হাওয়া অফিস স্বস্তির খবরও দিয়েছে— শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে বা রবিবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





