চেন টেনে পালানোর ছক ব্যর্থ! ট্রেনের কামরায় ধস্তাধস্তি, হাওড়ার দুই দুষ্কৃতীকে ধরে আরপিএফের হাতে তুলে দিল ভোগপুরের জনতা

চলন্ত ট্রেনে এক মহিলার গলার হার ছিনতাই করে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। রবিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলওয়ের ভোগপুর স্টেশনের কাছে আপ ধৌলি এক্সপ্রেসে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
কী ঘটেছিল ট্রেনে?
স্থানীয় এবং রেল পুলিশ সূত্রে খবর, রাউরকেল্লাগামী আপ ধৌলি এক্সপ্রেস ভোগপুর স্টেশন পেরিয়ে প্রায় ২০০ মিটার এগিয়ে যাওয়ার পরই দুষ্কৃতকারীরা চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করে। এই সুযোগে ট্রেনের কামরায় থাকা সুরমা হাজরা নামে এক মহিলার গলার হার ছিনতাই করার চেষ্টা করে তারা।
ছিনতাইয়ের সময় মহিলার সঙ্গে দুষ্কৃতকারীদের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় পড়ে গিয়ে মহিলার হাত কেটে যায়। হার ছিনতাই করে দুই দুষ্কৃতী ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে।
জনতার তৎপরতায় দুষ্কৃতী আটক
দিনের আলোয় চলন্ত ট্রেনে এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রেনটি থেমে যাওয়ার পর স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পালাতে থাকা দুষ্কৃতীদের তাড়া করেন।
সাহসী গ্রামবাসীরা তাড়া করে দুই দুষ্কৃতীকেই ধরে ফেলে এবং গণধোলাই দেয়। এরপর তাদের রেল পুলিশের (আরপিএফ)-এর হাতে তুলে দেওয়া হয়। রেল পুলিশ ওই আহত মহিলাকে দ্রুত চিকিৎসার জন্য খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই দুষ্কৃতীর বাড়ি হাওড়া জেলায়।
নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান, “দিনের-দুপুরে চলন্ত ট্রেনে এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।” দ্রুত তৎপরতার জন্য তিনি গ্রামবাসীদের ধন্যবাদ জানান।