চূড়ান্ত তুষারপাতে বরফের মাঝে আটকে ১২ বাঙালি অভিযাত্রী! হিমাচল প্রদেশের পাহাড়ে উদ্ধার ঘিরে কোন রোমহর্ষক ঘটনা?

হিমালয়ের দুর্গম পাহাড়ে এক হাড়হিম করা পরিস্থিতিতে মৃত্যুর মুখ থেকে রক্ষা পেলেন কলকাতার একটি মাউন্টেনিয়ারিং ক্লাবের ১২ জন সদস্য। কলকাতার সুপরিচিত ক্লাব ‘হিমালয়াজ বেকন’-এর এই অভিযাত্রী দল হিমাচল প্রদেশের কিন্নর জেলার বিখ্যাত মাউন্ট লিও পারগিল-২ শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে আবহাওয়ার চরম বিপর্যয় এবং লাগাতার তুষারপাতের জেরে তাঁরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়েন। শেষ পর্যন্ত ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), স্থানীয় পুলিশ ও এলাকাবাসীর যৌথ ও সাহসী প্রচেষ্টায় সমস্ত অভিযাত্রীকে নিরাপদে উদ্ধার করে নাকো গ্রামে ফিরিয়ে আনা হয়েছে।

জানা গিয়েছে, শৃঙ্গের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার পরই দলের এক সদস্য হঠাৎ করে হাই-অল্টিটিউড সিকনেস বা উচ্চতাজনিত গুরুতর অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক বুঝে ঝুঁকি না নিয়ে শৃঙ্গের ঠিক নিচ থেকেই অভিযান বাতিল করার সিদ্ধান্ত নেন দলটির সদস্যরা। এরপর দ্রুত বেস ক্যাম্পে ফিরে আসার পর মাঝরাত থেকে শুরু হয় প্রবল তুষারপাত। পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল হয়ে ওঠায় এবং দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে যাওয়ায় তাঁরা স্থানীয় প্রশাসন ও আইটিবিপির সাহায্য প্রার্থনা করেন।

অভিযাত্রী দলের এক সদস্য গোটা ঘটনার বর্ণনা দিয়ে জানান, “আমরা লিও পারগিল অভিযানে গিয়েছিলাম এবং সামিটের ঠিক নিচ পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম। কিন্তু দলের এক সঙ্গীর হঠাৎ শারীরিক অবনতি হওয়ায় আমরা ফিরে আসি। বেস ক্যাম্পে ফেরার পর মাঝরাত থেকে যেভাবে বরফ পড়তে শুরু করে, তাতে আমাদের জীবনসংশয় দেখা দেয়। এরপর আমরা আইটিবিপি ও পুলিশের সঙ্গে যোগাযোগ করি।” তিনি আরও জানান, যে হোমস্টেতে তাঁরা আশ্রয় নিয়েছিলেন, সেখানকার মালিক অত্যন্ত মানবিক উদ্যোগ নিয়ে স্থানীয় রাস্তা চেনা দু’জন ব্যক্তিকে উদ্ধারের জন্য এগিয়ে দেন। একই সঙ্গে আইটিবিপি-র একটি বিশেষ উদ্ধারকারী দল ও চিকিৎসকদের টিম দুর্গম পথ পেড়িয়ে তাঁদের কাছে পৌঁছে যায়। দীর্ঘ লড়াইয়ের পর সবাইকে অক্ষত অবস্থায় নাকো গ্রামে নামিয়ে আনা সম্ভব হয়েছে।