টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছে না স্টুডিও পাড়া থেকে অনুরাগীরা। ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রের নোনা জলে চিরতরে হারিয়ে গিয়েছেন পর্দার ‘ভোলে বাবা’। শোকস্তব্ধ এই আবহে সোশ্যাল মিডিয়ায় রাহুল-প্রিয়াঙ্কার জীবনের এক স্মরণীয় মুহূর্ত শেয়ার করে আবেগ উসকে দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
নিজের ফেসবুকে রাহুল ও প্রিয়াঙ্কার সেই বহু পুরোনো বিয়ের একটি ছবি পোস্ট করেছেন রুদ্রনীল। ছবিতে দেখা যাচ্ছে নবদম্পতি রাহুল-প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে হাসছেন খোদ রুদ্রনীল। ক্য়াপশনে লিখেছেন, “চিরদিনই তোকে খোঁজে টাইমলাইন…”। ২০০৮ সালের সেই ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে শুরু করে বাস্তব জীবনে সাত পাকে বাঁধা পড়া— রাহুল ও প্রিয়াঙ্কার রসায়ন ছিল দর্শকদের চোখে চিরকালীন। রুদ্রনীলের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যেখানে হাজার হাজার অনুরাগী তাঁদের প্রিয় অভিনেতার অকাল বিদায় নিয়ে শোক প্রকাশ করেছেন।
রাহুলের মৃত্যু নিয়ে বর্তমানে ওড়িশা পুলিশ এবং টলিউডের প্রযোজক মহলে টানটান উত্তেজনা চলছে। কিন্তু আইনি লড়াইয়ের ঊর্ধ্বে গিয়ে এই ছবি যেন মনে করিয়ে দিচ্ছে সেই চনমনে হাসিভরা রাহুলকে, যাকে ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই। রুদ্রনীলের এই স্মৃতিচারণ কেবল একটি ছবি নয়, বরং টলিপাড়ার এক অপূরণীয় শূন্যতার দলিল হয়ে রইল।





