চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! হুগলির তৃণমূল কর্মীকে মারধর, লিখিয়ে নেওয়া হল মুচলেকা

শিক্ষক নিয়োগ দুর্নীতির রেশ কাটতে না কাটতেই হুগলিতে ফের এক সরকারি চাকরির প্রতারণা চক্রের অভিযোগ উঠেছে। এবার সরকারি চাকরি দেওয়ার নাম করে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। টাকা ফেরত না দেওয়ায় ক্ষিপ্ত জনতা অভিযুক্তকে মারধর করে এবং টাকা ফেরত দেওয়ার জন্য মুচলেকা লিখিয়ে নেয়।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, হুগলি জেলার জাঙ্গিপাড়ার তৃণমূল কর্মী খোকন দাস এলাকার ২২টি পরিবারের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে মোট ৫ লক্ষ ২৬ হাজার টাকা নিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিতে পারায় এবং টাকা ফেরত না দেওয়ায় স্থানীয়রা তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। গভীর রাতে তারা খোকন দাসের বাড়ি ঘেরাও করে এবং তাকে বেধড়ক মারধর করে।

ক্ষুব্ধ স্থানীয়রা মারধরের পর খোকন দাসকে দিয়ে একটি মুচলেকা লিখিয়ে নেয়। সেখানে সে প্রতিশ্রুতি দেয় যে, আগামী এক সপ্তাহের মধ্যে সে প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেবে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। এই বিষয়ে এখনও তৃণমূল দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।