চরণজিৎ সিং চান্নির বিস্ফোরক মন্তব্য! ১৯৮৪ দাঙ্গা নিয়ে কংগ্রেস নেতার কড়া ভাষায় নিন্দা

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য চরণজিৎ সিং চান্নি সাম্প্রতিক এক মন্তব্যে তীব্র রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেছেন। ১৯৮৪ সালের শিখ দাঙ্গার অন্যতম অভিযুক্ত সজ্জন কুমারের মৃত্যুর পর কংগ্রেসের কিছু নেতার শোকবার্তার তীব্র সমালোচনা করে তিনি বলেন, সজ্জন কুমারকে আদর্শ বলা তো দূরের কথা, তাঁর নাম উচ্চারণ করাও একটি পাপ।

দিল্লির সফদরজং হাসপাতালে জীবনাবসান হওয়া সজ্জন কুমার ১৯৮৪ সালের দাঙ্গার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। তাঁর মৃত্যুর পর কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা এবং নেতা উদিত রাজ তাঁকে শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেন। এই মন্তব্যের পরই নড়েচড়ে বসে বিরোধীরা। বিজেপি, শিরোমণি আকালি দল এবং আম আদমি পার্টি একযোগে কংগ্রেসকে নিশানা করে ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলে।

এই পরিস্থিতির মধ্যেই মুখ খুলে কংগ্রেসের অন্দরের অস্বস্তি স্পষ্ট করে দিয়েছেন চরণজিৎ সিং চান্নি। জলন্ধরের এই সাংসদ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, সজ্জন কুমার শিখ সম্প্রদায় এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিলেন। হাজার হাজার মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল, শিখ সম্প্রদায় সেই ক্ষত কোনোদিন ভুলবে না। তাঁর মতে, এ ধরনের ব্যক্তিদের যারা আদর্শ বা শ্রদ্ধার পাত্র মনে করেন, তাঁদের মানসিকতা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পরিপন্থী।

রাজনৈতিক মহলের মতে, সজ্জন কুমারের প্রয়াণকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরেই ভিন্ন সুর ও তীব্র মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে, যা আগামী দিনে রাজনৈতিক ময়দানে নতুন করে উত্তাপ ছড়াতে পারে।