চতুর্থীর সন্ধ্যায় চমক! তৃণমূল নেতার পুজো উদ্বোধন করলেন বিজেপি নেত্রী জয়া প্রদা! শুরু তুমুল জল্পনা

দুর্গাপূজার চতুর্থীর সন্ধ্যায় রাজ্যে এক অন্যরকম রাজনৈতিক জল্পনা শুরু হলো। অভিনেত্রী তথা বিজেপি নেত্রী জয়া প্রদা এদিন রাজ্যের দু’টি গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর উদ্বোধন করলেন। এর মধ্যে একটি হলো দুর্গাপুরের কাঁকসায় তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়ের পুজো।

বিজেপি নেত্রী হয়ে তৃণমূল নেতার পুজোর উদ্বোধনে আসায়, রাজনৈতিক মহলে নানান প্রশ্ন ওঠে। সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে জয়া প্রদা স্পষ্ট জবাব দেন,

“আমি এখনও বিজেপিতেই আছি, পাশাপাশি আমি সিনেমাতেও আছি। একজন অভিনেত্রী হিসেবে এই পুজোর উদ্বোধনে এসেছি।”

তাঁর বক্তব্য, ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে রাজনীতি কোনো বাধা হতে পারে না।

আসছে প্রভাস ও মিঠুন চক্রবর্তীর ‘ফৌজি’
বর্ধমানে পুজোর উদ্বোধনে এসে অভিনেত্রী জয়া প্রদা তাঁর আগামী ছবির বিষয়েও বড় ঘোষণা করেন। তিনি জানান,

“আমার আগামী ‘ফৌজি’ সিনেমা খুব দ্রুত মুক্তি পাবে। এই সিনেমার মুখ্য চরিত্র হিসেবে অভিনয় করছেন প্রভাস। মিঠুনদাও অভিনয় করছেন সেখানে।”

এই ঘোষণার পর দর্শক মহলে নতুন ছবিটি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। অভিনেত্রী একইসঙ্গে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।

‘দ্বিতীয় বাড়ি’ বাংলায় এসে নাচলেন ‘ডাফলিওয়ালে’ গানে
বর্ধমান শহরের সবুজ সংঘের পুজো মণ্ডপের উদ্বোধনও করেন জয়া প্রদা। মঞ্চে উঠে তিনি তাঁর বিখ্যাত ‘ডাফলিওয়ালে’ গানের তালে নাচেন। যা দেখে উপস্থিত দর্শনার্থীরা আনন্দে আত্মহারা হয়ে যান।

সবুজ সংঘের মঞ্চ থেকে অভিনেত্রী পশ্চিমবঙ্গকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “গত ২৫-৩০ বছর ধরে বাংলাতে আমার যাতায়াত আছে। আমি মনে করি বাংলা আমার দ্বিতীয় বাড়ি।”

অভিনেত্রী জানান, তিনিও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় অনেক কিছুর মোকাবিলা করতে হয়েছে। এই প্রসঙ্গে তিনি পুরোনো সেই বিতর্কও টেনে আনেন। উল্লেখ্য, একসময় সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছিলেন জয়া প্রদা। বর্ধমানের মঞ্চ থেকে তিনি ফের সেই প্রসঙ্গ তুলে ভগবানের কাছে সকলের পথ সুগম করার প্রার্থনা করেন।