চতুর্থীর সকালেই শেক্সপিয়র সরণি থানায় হাজির অভিষেক! ক্যামাক স্ট্রিটকাণ্ডে কতদূর গড়াল জট?

চতুর্থীর আনন্দ ও ব্যস্ততার মাঝেই খাস কলকাতার রাজনীতিতে ফের একঝলক চাঞ্চল্য। পুরসভার দায়ের করা বিতর্কিত মামলার তদন্তের স্বার্থে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১টা নাগাদ নির্ধারিত সময়ের মধ্যেই তিনি থানায় এসে পৌঁছন। গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে তাঁর দলীয় অফিসের সামনে অবৈধ বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই মামলাতেই তাঁকে এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত গত মাসের ২৭ তারিখ। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরসভার কর্মীদের ওপর চড়াও হওয়ার এবং মারধরের গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি পৃথক মামলা রুজু করা হয় এবং প্রথম দফায় ১৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। গত সোমবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, তিনি হাজির না হয়ে ইমেল মারফত ৪৮ ঘণ্টার সময় চেয়েছিলেন। তবে পুলিশ সেই আবেদন এককথায় না মঞ্জুর করে পুনরায় নোটিশ পাঠায় এবং বুধবারের মধ্যে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ জারি করে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে শেক্সপিয়র সরণি থানায় হাজির হন তিনি। এই হাই-প্রোফাইল রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে পুলিশ স্টেশনের বাইরে এবং রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে।