ঘূর্ণাবর্তের ভ্রূকুটি কাটিয়ে অবশেষে স্বস্তি! পুজোর কেনাকাটার মাঝে জেনেনিন ঠিক কবে থেকে বদলাচ্ছে আবহাওয়া

পুজোর আর মাত্র কদিন বাকি, আর তার আগেই রাজ্যবাসীর জন্য এল বড় খবর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর আগেই বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে বর্ষা। আবহাওয়া দফতরের হিসাব বলছে, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য থেকে মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক পরিসমাপ্তি হতে পারে। এর ফলে উৎসবের মরশুমে বৃষ্টির ঝঞ্ঝাট থেকে মিলে যেতে পারে বড় মুক্তি।
আপাতত আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে উপকূলবর্তী দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্ষার বিদায়রেখা পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশ পর্যন্ত পৌঁছে যাবে। এদিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও গত ২৪ ঘণ্টায় শহরে কোনো বৃষ্টি হয়নি। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ অক্টোবর শনিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা এবং মনোরম শিরশিরানি ভাব অনুভূত হতে শুরু করবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা আলাদা। গান্ধী জয়ন্তী অর্থাৎ ২ অক্টোবর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরের বেশ কিছু অঞ্চলে সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলছে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে শুরু করেছে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত প্রায় ৯ শতাংশ বৃষ্টির ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে পুজোর আগে আবহাওয়া মনোরম হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী।