ঘাপটি মেরে বসেছিল বিপদ, খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে অজগর..! বন দফতরের তৎপরতা

ফের সোনামুখী এলাকায় লোকালয় থেকে একটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এর আগে কয়েকদিন আগেও সোনামুখী বন দফতর শীতলঝোড় এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছিল। এবার সোনামুখী কল্যাণপুরের একটি পোল্ট্রি ফার্মের পাশ থেকে একই ধরনের বিশাল অজগর উদ্ধার করা হয়েছে।
বন দফতর সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সাপটি। এরপর তারা বন দফতরে খবর দিলে সোনামুখী বন দফতরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সাপটিকে উদ্ধার করে প্রাথমিক পর্যবেক্ষণের জন্য সোনামুখী বন দফতরে নিয়ে আসা হয়। পরে সুস্থ অবস্থায় সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার জানান, উদ্ধার হওয়া সাপটি একটি ইন্ডিয়ান রক পাইথন, যার দৈর্ঘ্য ছয় ফুট এবং ওজন ৯ কেজি।
সাধারণত এই ধরনের সাপ গভীর জঙ্গলে বসবাস করে। তবে সম্প্রতি খাবারের সন্ধানে সাপগুলো লোকালয়ে চলে আসছে বলে মনে করা হচ্ছে। বন দফতর জনগণকে আশ্বস্ত করেছে যে, এই আকারের সাপ সহজে মানুষের কোনো ক্ষতি করে না। একইসঙ্গে, তারা সাধারণ মানুষকে অনুরোধ করেছে যে, যেকোনো ধরনের বন্যপ্রাণী দেখতে পেলে যেন অবিলম্বে বন দফতরকে খবর দেওয়া হয়। বন দফতর সবসময় বন্যপ্রাণী রক্ষা এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য সচেষ্ট রয়েছে।