ঘন জনবসতি লাগোয়া বহুতলে অগ্নিকাণ্ড! লেজার কাটিং কারখানায় কী করে লাগল আগুন? বড়সড় ক্ষতির আশঙ্কা

শনিবার সাতসকালে হাওড়া আমতা রোডের বাঁকড়া বাদামতলায় একটি বহুতলের একতলার লেজার কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে আগুন লাগার ঘটনাটি সামনে আসে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই বহুতল মার্কেট লাগোয়া কারখানায় পোশাক-সহ প্রচুর দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

আগুন দেখে স্থানীয়রা প্রথমে নিজেরাই নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময়ে কারখানার ভিতরে কয়েকজন কর্মী ছিলেন, যারা আগুন দেখতে পেয়ে কোনওমতে নিজেদের জীবন রক্ষা করে বাইরে বেরিয়ে আসেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় একাংশের ধারণা, কাপড় কাটার সময় লেজার মেশিন থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে। আগুনে কারখানার মজুত কাপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ বিপুল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সাতসকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।