গ্র্যাচুইটির নিয়ম বদল: চাকরি ছাড়ার আগেই পকেটে টাকা! আপনার জন্য কী সুবিধা আনল কেন্দ্রের নয়া শ্রম কোড?

দেশের শ্রম ব্যবস্থায় এলো অভূতপূর্ব পরিবর্তন। পুরনো ২৯টি শ্রম আইনকে বাতিল করে কেন্দ্র সরকার ২১ নভেম্বর থেকে গোটা দেশে চারটি নতুন শ্রম কোড (New Labour Code) কার্যকর করেছে। কেন্দ্রের দাবি, এই সংস্কার ‘আত্মনির্ভর ভারত’-এর পথে এক ঐতিহাসিক পদক্ষেপ, যা ৪০ কোটিরও বেশি শ্রমিককে প্রথমবারের মতো বিস্তৃত সামাজিক নিরাপত্তার আওতায় আনবে।

আধুনিক কাজের স্বীকৃতি ও সুরক্ষা: ১৯৩০-১৯৫০ সালের পুরনো আইনগুলি গিগ ও প্ল্যাটফর্ম কর্মী (যেমন Ola, Uber, Zomato, Swiggy-র ডেলিভারি পার্টনার), অ্যাপ-ভিত্তিক কর্মী এবং স্থানান্তরিত শ্রমিকদের কাজের ধারাকে স্বীকৃতি দিত না। নতুন শ্রমনীতিতে এঁদের প্রথমবার আইনি স্বীকৃতি ও সুরক্ষা দেওয়া হলো। অ্যাগ্রিগেটর সংস্থাগুলিকে তাদের টার্নওভারের ১-২% সামাজিক নিরাপত্তা খাতে দিতে হবে।

কর্মসংস্থানে স্বচ্ছতা: এখন থেকে প্রতিটি কর্মীকে বাধ্যতামূলকভাবে আনুষ্ঠানিক নিয়োগপত্র দিতে হবে। সারা দেশে একই ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, সময়মতো বেতন দেওয়া প্রতিষ্ঠানের জন্য আইনি বাধ্যবাধকতা।

বিশেষ সুবিধা ও নিরাপত্তা:

গ্র্যাচুইটি মাত্র ১ বছরে: আগে যেখানে ৫ বছর চাকরি না হলে গ্র্যাচুইটি পাওয়া যেত না, নতুন নিয়মে এখন মাত্র এক বছরের স্থায়ী চাকরির পরই গ্র্যাচুইটির অধিকার মিলবে।

৪০-ঊর্ধ্বদের স্বাস্থ্য পরীক্ষা: ৪০ বছরের বেশি বয়সি কর্মীরা বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাবেন। বিপজ্জনক শিল্পে (যেমন খনন, নির্মাণ) কর্মরতদের জন্য অতিরিক্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

নারীদের জন্য রাতে শিফট: মহিলারা এখন নিজেদের সম্মতি ও পর্যাপ্ত নিরাপত্তা সুরক্ষার ভিত্তিতে রাতের শিফটেও কাজ করতে পারবেন।

সমান মজুরি ও অধিকার: সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করা হয়েছে। ট্রান্সজেন্ডার কর্মীদেরও এই আইনে সমান অধিকার দেওয়া হয়েছে।

ওভারটাইমে দ্বিগুণ পারিশ্রমিক: ওভারটাইম করলে কর্মীরা এখন থেকে দ্বিগুণ হারে পারিশ্রমিক পাবেন, যা বেতনের স্বচ্ছতা বাড়াবে।

কন্ট্রাক্ট কর্মীদের সুরক্ষা: কন্ট্রাক্ট শ্রমিকরাও এখন ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা, কাজের নিশ্চয়তাসহ স্থায়ী কর্মীর মতোই সুরক্ষা পাবেন।

সরকারের প্রত্যাশা, সিঙ্গল লাইসেন্স ও সিঙ্গল রিটার্ন ব্যবস্থার মাধ্যমে শিল্প সংস্থাগুলির জন্য কমপ্লায়েন্স সহজ হবে এবং ‘ইনস্পেক্টর রাজ’ বদলে ‘ইনস্পেক্টর-কাম-ফ্যাসিলিটেটর’ মডেলে শ্রমিক-নিয়োগকর্তা বিবাদের দ্রুত সমাধান হবে। চারটি নতুন কোড— Code on Wages 2019, Industrial Relations Code 2020, Social Security Code 2020 এবং Occupational Safety, Health and Working Conditions Code 2020— দেশের কর্মসংস্থানকে দ্রুতগামী, স্বচ্ছ ও নিরাপদ করবে।