গ্যাসের তীব্র সংকট ও সিলিন্ডার প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার জেরে জলপাইগুড়ির সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয় এক অভিনব কিন্তু বাধ্যতামূলত বিকল্প পথের আশ্রয় নিয়েছে। ৯০০ ছাত্রীর জন্য প্রতিদিন মিড-ডে মিলের রান্না করতে হয় স্কুল কর্তৃপক্ষকে। কিন্তু গ্যাসের জোগান অনিয়মিত হওয়ায় এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে কাঠের উনুন।
স্কুল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের একটি গ্যাস সিলিন্ডার বড়জোর তিন দিন চলে। কিন্তু পর্যাপ্ত সিলিন্ডার সময়মতো না পাওয়ায় ছাত্রীদের খাদ্যের জোগান বজায় রাখতে বাধ্য হয়েই পুরনো পদ্ধতিতে কাঠের উনুনে রান্নার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র এই স্কুলই নয়, রান্নার গ্যাসের হাহাকারের খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও। বসিহাটের মতো জায়গায় গ্যাস সংকটে অটো পরিষেবা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঠের উনুনে রান্নার ফলে ধোঁয়া ও দূষণের মতো সমস্যা তৈরি হলেও, ৯০০ ছাত্রীর মুখে খাবার তুলে দিতে এখন এই পদ্ধতিই স্কুলের প্রধান অবলম্বন।