উত্তর ২৪ পরগনার গোবরডাঙার কুলপুকুর ও গণদ্বীপায়ন এলাকায় গত কয়েক ঘণ্টা ধরে বইছে আতঙ্কের চোরাস্রোত। মুখে মুখে ফিরছে একটিই কথা— ‘এলাকায় বাঘ বেরিয়েছে!’ পরিস্থিতির এমনই অবনতি হয়েছে যে, সন্ধ্যার পর রাস্তাঘাট জনশূন্য হয়ে যাচ্ছে, অভিভাবকরা আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। তবে এই গোটা ঘটনার নেপথ্যে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য।
ঘটনার সূত্রপাত একটি রটনা থেকে। লোকমুখে প্রচার হয় যে, বন দপ্তরের গাড়ি থেকে একটি বাঘ লাফ দিয়ে পালিয়েছে। এই গুজবের আগুনে ঘি ঢালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, গোবরডাঙারই একটি চেনা রাস্তায় গম্ভীরভাবে বসে আছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। ছবিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও সাধারণ মানুষ আতঙ্কে সেটিকে সত্যি বলে ধরে নেন। দ্রুত বন্ধ হতে শুরু করে দোকানপাট।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা যাচাই করার পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। বন দপ্তর ও স্থানীয় প্রশাসনিক সূত্রে সাফ জানানো হয়েছে, এলাকায় কোনও বাঘের অস্তিত্ব নেই। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিওগুলি ভাইরাল হয়েছে, সেগুলি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থাৎ, প্রযুক্তির অপব্যবহার করে এলাকায় পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে জানানো হয়েছে, অকারণে ভয় পাওয়ার কোনও কারণ নেই। গুজব ছড়ানো বা এই ধরনের ভুয়ো ভিডিও প্রচার করা আইনত অপরাধ। পুলিশের পক্ষ থেকে এই সাইবার অপরাধের তদন্ত শুরু করা হয়েছে এবং যারা এই ধরনের বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে এলাকায় শান্তি বিঘ্নিত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।