২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দাক্ষিণাত্যের রাজনীতিতে বইছে উপহারের জোয়ার। রবিবার চেন্নাইয়ের আন্না আরিবালয়ম থেকে মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিন তাঁর দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। এই ইস্তেহারকে তিনি নিজেই ‘সুপারস্টার’ বলে অভিহিত করেছেন। কারণ, এতে মহিলাদের জন্য এমন কিছু ঘোষণা রয়েছে যা ভোটারদের নজর কাড়তে বাধ্য।
ইস্তেহারের সবথেকে বড় আকর্ষণ হলো ‘ইল্লাথারাসি স্কিম’ (Illatharasi Scheme)। এই প্রকল্পের অধীনে আয়কর দাতা নন এমন প্রত্যেক গৃহিণীকে ৮০০০ টাকার একটি বিশেষ কুপন দেওয়া হবে। এই কুপন ব্যবহার করে যে কোনও দোকান থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সি বা ইন্ডাকশন স্টোভ কেনা যাবে। এছাড়াও, বর্তমানে মহিলারা যে ১০০০ টাকা মাসিক ভাতা পাচ্ছেন, তা বাড়িয়ে ২০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন স্ট্যালিন।
পাল্টা লড়াই দিচ্ছে বিরোধী দল এআইএডিএমকে-ও। তাদের ইস্তেহারে মহিলাদের জন্য নিখরচায় ফ্রিজ দেওয়ার পাশাপাশি মাসিক ২০০০ টাকা ভাতার কথা বলা হয়েছে। তবে ডিএমকে-র কুপন পদ্ধতিটি আধুনিক হওয়ায় তা নিয়ে বেশি চর্চা হচ্ছে। এছাড়াও স্ট্যালিন প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় ফিরলে আগামী ৫ বছরে ১০ লক্ষ পাকা বাড়ি এবং ৫০ লক্ষ কর্মসংস্থান তৈরি করবে তাঁর সরকার। কৃষকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ এবং পড়ুয়াদের জন্য প্রাতঃরাশ প্রকল্প অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকারও করা হয়েছে ইস্তেহারে।