গুরুগ্রামে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের পর গাড়ি চাপা দিয়ে খুন? আটক চালক

হরিয়ানার গুরুগ্রামে এক বিদেশিনী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে ধর্ষণের পর গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এক গাড়িচালককে আটক করেছে। মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ভোরে দিল্লি-জয়পুর হাইওয়ের আইএমটি চওকের কাছে ফ্লাইওভারের পাশ থেকে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফরেন্সিক দল পাঠানো হয়। তারা সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যে জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে, তার থেকে কিছুটা দূরে একটি সেতু রয়েছে। পুলিশের ধারণা, ওই মহিলাকে অন্য কোথাও খুন করে দেহটি এনে এই ফ্লাইওভারের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। এরপর গাড়ি চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।
পুলিশ সূত্র অনুযায়ী, ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলার মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখে। সেখানেই এক গাড়িচালকের সঙ্গে তার শেষ ফোনালাপের প্রমাণ মেলে। ওই সূত্র ধরে পুলিশ গাড়িচালককে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ দাবি করছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।