গুকেশকে হারিয়ে ইতিহাস গড়লেন অভিমন্যু! ১৬ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে সর্বকনিষ্ঠর রেকর্ড

বিশ্ব দাবার মঞ্চে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতীয় বংশোদ্ভূত ১৬ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার অভিমন্যু মিশ্র। গ্র্যান্ড সুইস টুর্নামেন্টে তিনি হারিয়ে দিয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশকে, এবং এর মধ্য দিয়ে তিনি হলেন ক্লাসিক্যাল দাবায় বিশ্বচ্যাম্পিয়নকে হারানো সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।
দাবার বোর্ডে সাধারণত সাদা ঘুঁটি নিয়ে খেললে বাড়তি সুবিধা পাওয়া যায়। কিন্তু কালো ঘুঁটি হাতে নিয়েই অভিমন্যু এই চমক দেখালেন। ম্যাচের মোড় ঘুরে যায় ১২তম চালে গুকেশের একটি অদ্ভুত পদক্ষেপ, ‘g4 চাল’-এর পর। এই ঝুঁকিপূর্ণ চাল দেখে টিভি কমেন্ট্রিতে স্বয়ং কিংবদন্তি জুডিট পলগারও অবাক হয়ে যান। তার আশঙ্কা সত্যি প্রমাণ করে গুকেশের এই ভুলের সুযোগে অভিমন্যু ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নেন।
মাত্র কয়েক চালের মধ্যেই অভিমন্যুর একটি পন প্রতিপক্ষের দিকে দ্রুত এগিয়ে যায়। এরপর একটার পর একটা নির্ভুল চাল দিয়ে তিনি গুকেশের প্রতিরোধের সব পথ বন্ধ করে দেন। ৬১তম চালের পর বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ হার মেনে নিতে বাধ্য হন।
এই ঐতিহাসিক জয়ের পর অভিমন্যু মিশ্র নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, “আজ জিতেও আগের ম্যাচগুলোর মতো তৃপ্তি পাচ্ছি না। তবে টুর্নামেন্ট আমার প্রত্যাশার চেয়ে অনেক ভালো চলছে। আমি গুকেশ বা প্রজ্ঞানন্দকে আমার থেকে বড় মনে করি না। আমিও তাদের সঙ্গে সমানে সমান খেলতে পারি।”
অভিমন্যুর এই আত্মবিশ্বাস তার কঠোর পরিশ্রমের ফল। মাত্র আড়াই বছর বয়সে দাবার হাতেখড়ি এবং ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার খেতাব জিতে তিনি তার প্রতিভার প্রমাণ দিয়েছেন।
অভিমন্যুর এই জয় ভারতের জন্য দারুণ এক মুহূর্ত হলেও দিনটি সবমিলিয়ে খুব একটা ভালো ছিল না। গুকেশের হারের পাশাপাশি প্রজ্ঞানন্দও পরাজিত হন রেটিংয়ে তার চেয়ে নিচে থাকা জার্মান গ্র্যান্ডমাস্টার ম্যাথিয়াস ব্লুবাউমারের কাছে। তবে এর মধ্যেই অর্জুন এরিগাসি জয় তুলে নিয়ে কিছুটা স্বস্তি এনে দেন।