গান্ধীজির ছবি ছিঁড়ে দেওয়াল মুছে দেওয়ার পর ফের ঘুরে দাঁড়াল পড়ুয়ারা! থমথমে এসআরএফটিআই চত্বরে আঁটসাঁট পুলিশি পাহারা

এক সপ্তাহের ব্যবধানে ফের একবার চরম উত্তেজনায় রণক্ষেত্রের রূপ নিল ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর চত্বর। রবিবার বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের একটি মিছিলকে কেন্দ্র করে ইনস্টিটিউট চত্বর ও তার আশেপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অজয়নগর থেকে শুরু হওয়া ওই মিছিল এসআরএফটিআই ক্যাম্পাসের সামনে পৌঁছানোর পর পরিস্থিতি হিংসাত্মক আকার নেয়। পুলিশি ব্যারিকেড ভেঙে মিছিলে অংশগ্রহণকারীরা জোর করে ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং গেট ঠেলে ভেতরে প্রবেশের চেষ্টা চালান। সেই সময় ক্যাম্পাসের ভিতরে থাকা ছাত্র ও শিক্ষকদের লক্ষ্য করে জলের বোতল ও ইট ছোড়া হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে। দুই পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার জেরে ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

রবিবারের এই অশান্তির সময় ক্যাম্পাসের গেটে থাকা মহাত্মা গান্ধীর ছবি ছিঁড়ে ফেলা হয় এবং দেওয়াল লিখন মুছে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তবে ঘটনার পর দমে না গিয়ে সোমবার সকালেই সাহসিকতার পরিচয় দেন পড়ুয়ারা। তাঁরা ফের ক্যাম্পাসের গেটে মহাত্মা গান্ধীর ছবি টাঙান এবং মুছে দেওয়া দেওয়ালে নতুন করে দেওয়াল লিখন করেন। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি অত্যন্ত থমথমে হওয়ায় প্রধান গেটের বাইরে বিশাল পুলিশ বাহিনী ও কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এর আগে গত সপ্তাহেও অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এই ক্যাম্পাস। এক সপ্তাহের মধ্যে পরপর দুইবার একই ধরনের হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আতঙ্কিত শিক্ষার্থীরা উপাচার্য বা ভিসির কাছে কড়া নিরাপত্তার দাবি জানিয়েছেন।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty