পায়ে চোটের গোপন তথ্য ফাঁসের চরম বিতর্ক! স্বাস্থ্য ভবন ও এসএসকেএমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

বিগত কয়েকদিন ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম পা এবং তা নিয়ে চলা রাজনৈতিক তরজা ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। এবার এই বিতর্কের মাঝেই চিকিৎসাসংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল এবং ব্যক্তিগত মেডিক্যাল রিপোর্ট কীভাবে সংবাদমাধ্যমে প্রকাশ্যে এল, সেই প্রশ্ন তুলেছে আইনি পদক্ষেপ করলেন তিনি। গোপন চিকিৎসা সংক্রান্ত তথ্য জনসমক্ষে চলে আসার ঘটনায় সরাসরি এসএসকেএম (SSKM) হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্য ভবনকে আইনি নোটিস পাঠালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ঘটনার সূত্রপাত কয়েকমাস আগে থেকেই, যখন তাঁর জখম পা নিয়ে নানা রাজনৈতিক চর্চা শুরু হয় এবং একপর্যায়ে তাঁর অফিশিয়াল মেডিক্যাল রিপোর্ট সংবাদমাধ্যমের সামনে চলে আসে। চিকিৎসাধীন একজন রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যেখানে আইনি ও নৈতিক দিক থেকে অত্যন্ত বাধ্যতামূলক, সেখানে কীভাবে একটি সরকারি হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত ফাইল বা প্রেসক্রিপশন বাইরে এল, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, আইনি নোটিসে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে যে কার বা কাদের গাফিলতিতে বা কার নির্দেশে একজন বিশিষ্ট ব্যক্তির গোপন চিকিৎসা সংক্রান্ত নথি এভাবে ফাঁস করা হলো।

এই ঘটনায় স্বাস্থ্যমহল ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, রোগীর প্রাইভেসির অধিকার লঙ্ঘন করা অত্যন্ত গুরুতর অপরাধ। রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এই আইনি নোটিসের কী জবাব দেয়, এখন সেটাই দেখার। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নজর এখন এই আইনি লড়াইয়ের পরবর্তী ধাপের দিকেই।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty