মার্চের কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরম বাড়ার সাথে সাথেই বিয়ার প্রেমীদের জন্য এল এক দুঃসংবাদ। বসন্তের শেষেই যখন বিয়ারের চাহিদা তুঙ্গে পৌঁছাতে শুরু করেছে, ঠিক তখনই বিয়ারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন ও উৎপাদনকারী সংস্থাগুলো। আবগারি দপ্তর সূত্রে খবর, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়ার কারণে বিয়ারের প্রতিটি বোতল বা ক্যানে বড়সড় দাম বাড়তে পারে।
সাধারণত গরমকালে বিয়ারের বিক্রি অন্য সময়ের তুলনায় প্রায় ৩০-৪০ শতাংশ বেড়ে যায়। কিন্তু চলতি বছরে বার্লি এবং কাঁচের বোতলের দাম বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলো পুরনো দামে আর বিয়ার সরবরাহ করতে পারছে না। সূত্রের খবর, জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে বোতল প্রতি ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন আবগারি নীতি এবং লাইসেন্স ফি-র পরিবর্তনের প্রভাবও বিয়ারের খুচরো বিক্রয়মূল্যের ওপর পড়তে চলেছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি, তবে ডিস্ট্রিবিউটর মহলে ইতিধ্যেই দাম বাড়ার গুঞ্জন শুরু হয়েছে। গরমের দুপুরে একটু ঠান্ডা বিয়ারে চুমুক দিয়ে যারা স্বস্তি খোঁজেন, তাঁদের জন্য এই মূল্যবৃদ্ধি নিশ্চিতভাবেই পকেটে টান ফেলবে। যারা ভাবছিলেন স্টকে বিয়ার রাখবেন, তাঁদের জন্য হয়তো এখনই শেষ সুযোগ পুরনো দামে কেনাকাটা করার।