গভীর নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ অব্যাহত! আজ কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল IMD?

দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি-এনসিআর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরল এবং অসমের বিভিন্ন এলাকাতেও মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ সতর্ক থাকতে হবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ দীঘা ও হলদিয়ার মাঝের উপকূল এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ওড়িশা হয়ে ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে শুরু করলেও উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি বা ঝড়ের কোনও বড় সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। আগামী দিনগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। সমুদ্রে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। কলকাতার আজকের আবহাওয়া অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা ৭৭ শতাংশ থেকে ৯৬ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬.৮ মিলিমিটার।