“পুলিশ আমার গায়ে আঁচড় কেটেছে, রাস্তায় ফেলে দিয়েছে!” দিল্লির রাজপথে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বুধবার রাজধানী দিল্লিতে চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। এই বিক্ষোভের পারদ চড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন দিল্লি পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। আর সেই ধস্তাধস্তির মাঝেই যন্তর মন্তরের পথে রাস্তায় শুয়ে পড়ে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে।
বিক্ষোভ চলাকালীন পুলিশি হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলে মাটিতে শুয়ে পড়েন প্রিয়াঙ্কা। ক্ষিপ্ত কণ্ঠে তিনি বলেন, “আমাদের সঙ্গে এভাবেই পশুর মতো ব্যবহার করা হচ্ছে। যে দেশের সাংসদরা কেবল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চান, তাঁদের ওপর এ ধরনের আক্রমণ চালানো হয়। পুলিশ আমার সারা শরীরে আঁচড় কেটে দিয়েছে, আমাকে জোর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে।” মাটিতে শুয়েই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “ওরা বাহিনী ফিরিয়ে নিলেও আমি এক ইঞ্চিও এখান থেকে নড়ব না।”
এদিকে রাস্তা থেকে জোর করে তুলে প্রিয়াঙ্কা গান্ধীকে বাস করে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায় দিল্লি পুলিশ। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিশিষ্ট সাংসদকেও সাময়িকভাবে আটক করা হয়। বিরোধী জোটের এই আন্দোলন এবং তার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় গোটা দিল্লি জুড়ে রাজনৈতিক উত্তাপ এখন চরমে।