গণতন্ত্র রক্ষায় রাজপথে রাহুল! নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘চলো দিল্লি’ মেগা মার্চের ডাক

গণতন্ত্র রক্ষা এবং নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা ও এসআইআর (SIR) নীতির বিরুদ্ধে আজ রাজধানী দিল্লিতে এক ঐতিহাসিক গণআন্দোলনের সূচনা হতে চলেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ‘চলো দিল্লি’ মেগা পদযাত্রার ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। প্রধান বিচারপতি বিরোধী সাংসদদের সাক্ষাতের আর্জি খারিজ করে দেওয়ার পরেও নিজেদের অনড় অবস্থান থেকে পিছু হটছে না বিরোধী শিবির।
রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দিয়ে লিখেছেন, “গণতন্ত্রের জন্য মার্চ। ন্যায়ের জন্য মার্চ। চলো দিল্লি।” এই মেগা কর্মসূচিকে ঘিরে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের শীর্ষ নেতারা রাজধানীতে জড়ো হয়েছেন। কংগ্রেস সাংসদ জেবি মাথের অভিযোগ করেছেন, বর্তমান সরকার ও পুলিশ সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ লঙ্ঘন করে মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করে আন্দোলন দমনের চেষ্টা করছে। অন্যদিকে, তৃণমূল ও অন্যান্য দলের প্রতিনিধিরাও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
দিল্লির প্রাণকেন্দ্র জুড়ে জারি রয়েছে আঁটসাঁট নিরাপত্তা। রাজীব চক, মণ্ডি হাউস, জনপথ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারখাম্বা রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বিকেল চারটে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি র্যাফ (RAF) ও সিআরপিএফ (CRPF) জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তবে হাজারো পুলিশি বাধার মুখেও সাধারণ মানুষ ও ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে শামিল হওয়ায় রাজধানীর রাজনৈতিক পারদ এখন চরমে।