খেলার মাঠেও রাজনীতি! ‘নরেন্দ্র কাপ’-এর উদ্বোধনে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ

রাজ্য সরকারের ‘বিবেকানন্দ কাপ’-এর পাল্টা হিসেবে বিজেপি শুরু করেছে ‘নরেন্দ্র কাপ’। সেই টুর্নামেন্টের উদ্বোধনেই হাওড়ায় তীব্র বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। বিক্ষোভের নেতৃত্ব দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

হাওড়ার দাশনগরে আরতি কটন মিলের মাঠে ছিল ‘নরেন্দ্র কাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু সকাল থেকেই সেখানে হাজির হন তৃণমূলের শ্রমিক সংগঠনের আওতায় থাকা মিলের কর্মীরা। তাঁদের অভিযোগ, জানুয়ারি মাস থেকে তাঁদের বেতন বন্ধ। সামনেই পুজো, অথচ বকেয়া বেতন না পেয়ে তাঁরা আর্থিক সংকটে ভুগছেন। এই পরিস্থিতিতে খেলাধুলা আয়োজন করা তাঁদের ক্ষোভের কারণ হয়ে ওঠে। শ্রমিকদের পাশে দাঁড়ান রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

মনোজ তিওয়ারি বলেন, “আমি নিজে ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী, আমি খেলার বিপক্ষে নই। কিন্তু খেলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া। সব কিছু বন্ধ করে খেলা হলে তা মানা যায় না।” তিনি আরও বলেন, “আমাদের দেশের নিরীহ নাগরিকদের জঙ্গিরা মেরে ফেলছে, আর আমাদের সরকার তাদের সঙ্গে খেলার অনুমতি দিচ্ছে। আমি তো এ জন্য এশিয়া কাপ বয়কট করছি।” বিক্ষোভের জেরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে।

বিক্ষোভের মুখে পড়েও বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “আরতি কটন মিলের শ্রমিকদের প্রতিবাদের অধিকার রয়েছে। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি।” তিনি আরও বলেন, “আমরা চাই হাওড়ার সমস্ত বন্ধ কলকারখানার তালা খুলুক এবং শিল্প তার স্বমহিমায় ফিরুক। শ্রমিকদের মুখে হাসি ফুটুক।” তিনি আশা প্রকাশ করেন যে রাজ্য ও কেন্দ্র সরকারের সহযোগিতায় মিলটি পুনরায় চালু হবে এবং শ্রমিকরা তাদের আত্মমর্যাদা ফিরে পাবেন।