সপ্তাহের প্রথম দিনে ফের শ্যুটআউটে কেঁপে উঠল কলকাতা। হরিদেবপুর থানা এলাকার কালীপদ মুখার্জি রোডে আজ সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ এক মহিলাকে লক্ষ্য করে বাইকে আসা দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিবিদ্ধ ওই মহিলার নাম মৌসুমী হালদার (বয়স আনুমানিক ৩৮ বছর)। তাঁর পিঠে গুলি লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, সকালে কালীপদ মুখার্জি রোডে দুজন যুবক মৌসুমী হালদারের পথ আটকায়। তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যার পরই একজন দুষ্কৃতী বন্দুক বার করে। বন্দুক দেখে মৌসুমী পালাতে গেলে তাঁর পিঠে গুলি লাগে।
গুলি চালানোর পর আততায়ী ঘটনাস্থল থেকে দ্রুত উধাও হয়ে যায়। গুলিবিদ্ধ মহিলাকে তাঁর ছেলেই স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
হরিদেবপুর থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই শ্যুটআউট ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরনো কোনও বিবাদের জেরেই এই হামলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে। দ্রুত আততায়ীকে খুঁজে বের করাই এখন পুলিশের প্রধান লক্ষ্য।