ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর প্রয়াণে ভারত সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। এই কঠিন সময়ে ভারত যে ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে, সেই বার্তাই পৌঁছে দেন তিনি।
অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন যে, তিনি ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। জয়শঙ্কর খামেনেই-এর অবদান স্মরণ করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আলোচনা করেন। ভারত ও ইরানের এই কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে।