ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বিশ্ব রাজনীতি যখন উত্তাল, তখন এক অবাক করা মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে খামেনির আত্মার শান্তি কামনা করার পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে, খামেনির পূর্বপুরুষরা আসলে ছিলেন ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা। দিলীপ ঘোষের এই মন্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
দিলীপ ঘোষ বলেন, “যেকোনো মৃত্যুই দুঃখের। খামেনির আত্মার শান্তি কামনা করি। অনেকেই জানেন না যে তাঁর পরিবার আদতে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার কিস্তুর গ্রামের মানুষ ছিলেন। ওখান থেকেই ওঁরা ইরানে গিয়ে বসতি গড়েন।” তিনি আরও যোগ করেন যে, খামেনির ঠাকুরদাদার নামের সঙ্গেও ‘হিন্দি’ শব্দ যুক্ত ছিল। খামেনির মৃত্যুতে করাচি থেকে লেবানন যে অশান্তির আগুন জ্বলছে, সেই প্রেক্ষিতে দিলীপের এই ‘ভারতীয় যোগ’-এর তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। তাঁর মতে, ভারত ও ইরানের এই আধ্যাত্মিক ও পারিবারিক বন্ধন অনেক পুরনো, যা খামেনির প্রয়াণের পর আবারও সামনে এল।