অনলাইনে খাবার অর্ডার করার অভ্যাস কি এবার বদলাতে হবে? ভারতের দুই প্রধান ফুড ডেলিভারি জায়ান্ট সুইগি (Swiggy) এবং জোম্যাটো (Zomato) ফের একবার তাদের প্ল্যাটফর্ম ফি (Platform Fee) বাড়িয়ে গ্রাহকদের পকেটে টান দিয়েছে। গত কয়েক দিনে দুই সংস্থাই ধাপে ধাপে তাদের চার্জ বাড়িয়ে বর্তমানে একই স্তরে নিয়ে এসেছে, যার ফলে গ্রাহকদের জন্য সস্তায় খাবার পাওয়ার বিকল্প কার্যত শেষ হয়ে যাচ্ছে।
নতুন চার্জ কত? মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) সুইগি তাদের প্ল্যাটফর্ম ফি ১৭% বাড়িয়ে ১৭.৫৮ টাকা (জিএসটি সহ) করেছে। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই জোম্যাটো তাদের চার্জ বাড়িয়ে ঠিক একই অংকে (১৭.৫৮ টাকা) নিয়ে গিয়েছিল। ২০২১ সালে মাত্র ২ টাকা দিয়ে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম ফি এখন প্রায় ৯ গুণ বেড়ে গিয়েছে। আপনি বড় অর্ডার করুন বা ছোট—প্রতিটি ডেলিভারির জন্য এই নির্দিষ্ট ফি আপনাকে দিতেই হবে।
কেন বাড়ছে দাম? বাজার বিশেষজ্ঞদের মতে, এর পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে:
-
পরিচালন ব্যয় ও তেলের দাম: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। ফলে ডেলিভারি খরচ সামাল দিতে এই বাড়তি বোঝা গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।
-
লাভের চাপ (Profitability): আইপিও-র পর দুই সংস্থাই এখন লাভ বাড়ানোর দিকে নজর দিচ্ছে। প্ল্যাটফর্ম ফি থেকে আসা টাকা সরাসরি কোম্পানির ভাঁড়ারে যায়, যা তাদের লোকসান কমাতে সাহায্য করে।
-
বিকল্পের অভাব: ভারতের ফুড ডেলিভারি মার্কেটের সিংহভাগই এই দুই কোম্পানির দখলে। একেই অর্থনীতিতে ‘ডুয়োপলি’ (Duopoly) বলা হয়। যখন কোনো একটি কোম্পানি দাম বাড়ায়, অন্য কোম্পানিটিও প্রতিযোগিতার ভয় না রেখে অনায়াসেই দাম বাড়িয়ে দেয়। কারণ গ্রাহকরা এক অ্যাপ ছেড়ে অন্য অ্যাপে গেলেও সাশ্রয় করতে পারবেন না।