খাজুরাহোয় বিষ্ণুমূর্তি পুনর্গঠন মামলা খারিজ! শীর্ষ আদালতের মন্তব্যে কেন এত বিতর্ক?

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাহোর জাভরি মন্দিরে ভগবান বিষ্ণুর একটি ভগ্নপ্রায় মূর্তি পুনর্নির্মাণের আর্জি জানিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই মামলাটিকে ‘পাব্লিসিটির জন্য দায়ের করা আবেদন’ বলে মন্তব্য করেছে।
মামলাকারী রাকেশ দালাল বিষ্ণুর সাত ফুট উঁচু মূর্তি ‘পুনর্নির্মাণ ও পুনর্স্থাপনের’ জন্য আবেদন করেছিলেন। জবাবে প্রধান বিচারপতি বলেন, “এটি সম্পূর্ণ পাবলিসিটির জন্য দায়ের করা আবেদন। এবার আপনাদের দেবতাকেই নিজের জন্য কিছু করতে বলুন। আপনি বলছেন আপনি বিষ্ণুর দৃঢ় ভক্ত, তাহলে গিয়ে প্রার্থনা করুন এবং ধ্যান করুন।” একই সঙ্গে তিনি জানান, খাজুরাহো প্রত্নতাত্ত্বিক বিভাগ (ASI)-এর অধীনে একটি সংরক্ষিত স্থান। সেখানে নতুন কোনও নির্মাণ করতে হলে ASI-এর অনুমতি প্রয়োজন।
সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পর তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। আইনজীবী বিনীত জিন্দাল প্রধান বিচারপতিকে একটি চিঠি পাঠিয়ে ওই মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। নিজেকে ‘সনাতন ধর্মের অনুসারী’ বলে দাবি করে তিনি বলেন, এই মন্তব্য ‘হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত’ করেছে। এই চিঠির একটি কপি রাষ্ট্রপতির কাছেও পাঠানো হয়েছে।
ঐতিহাসিকদের মতে, খাজুরাহো মন্দির কমপ্লেক্সের জাভরি মন্দিরটি মুঘল আমলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে থাকা ভাস্কর্য ও স্থাপত্যগুলি হিন্দু ধর্মের গভীর দার্শনিকতাকে তুলে ধরে। এটি ৯৫০-১০৫০ খ্রিস্টাব্দে চন্দেল রাজাদের আমলে নির্মিত হয়েছিল।