খড়্গপুরে রণক্ষেত্র! দিলীপ ঘোষের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ, ভাঙচুরের চেষ্টা ক্ষুব্ধ জনতার

ভোটের আবহে উত্তপ্ত খড়্গপুর। বৃহস্পতিবার সকালে খড়্গপুরের পুরিগেট এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিক্ষুব্ধ জনতা বিজেপি নেতার কনভয় আটকে দেয় এবং তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ২৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, বিপদের সময় বিজেপি নেতাদের দেখা পাওয়া যায় না। সম্প্রতি রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ জারি করা হলেও কোনও বিজেপি নেতা বা কর্মীকে পাশে পাওয়া যায়নি। অথচ ভোটের প্রচার আসতেই কেন এলাকায় আসছেন নেতারা, সেই প্রশ্ন তুলেই ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন একদিকে যেমন ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে, অন্যদিকে পালটা ‘জয় বাংলা’ স্লোগান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা চরমে ওঠায় দিলীপ ঘোষের কনভয়কে নিরাপদে বের করে নিয়ে যেতে রুট পরিবর্তন করতে বাধ্য হয় প্রশাসন। স্থানীয়দের শান্ত করার চেষ্টা করলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পুলিশি ঘেরাটোপে এলাকাটি মুড়ে রাখা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy