ক্ষেপণাস্ত্রের আঘাতে জ্বলছে দুবাই! খালি করা হলো বুর্জ খলিফা, পাশে থাকার বার্তা ভারতের

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। মার্কিন-ইজরায়েল অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর প্রতিশোধের আগুনে জ্বলছে উপসাগরীয় অঞ্চল। এই উত্তাল পরিস্থিতির মাঝেই রবিবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে আমিরাতের পাশে থাকার জোরালো আশ্বাস দিয়েছেন তিনি।

দুবাইয়ে ভয়াবহ ধ্বংসলীলা:
ইরানের পালটা হামলায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে আবুধাবি ও বাণিজ্যিক শহর দুবাই। ক্ষেপণাস্ত্রের আঘাতে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তার খাতিরে বিশ্বের উচ্চতম অট্টালিকা ‘বুর্জ খলিফা’ খালি করে দেওয়া হয়েছে এবং বন্ধ রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উড়ান পরিষেবা। হামলায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ভারতীয় নাগরিকও গুরুতর জখম হয়েছেন বলে খবর।

শান্তির বার্তা মোদীর:
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, আমিরাতের বেসামরিক পরিকাঠামোয় এই আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। ভারত দৃঢ়ভাবে আমিরাতের পাশে দাঁড়িয়েছে। সে দেশে বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমিরাত নেতৃত্বকে ধন্যবাদ জানানোর পাশাপাশি গোটা অঞ্চলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন মোদী। ভারতের স্পষ্ট অবস্থান— “ভারত শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার পক্ষেই রয়েছে।”

এদিকে, আমিরাত প্রতিরক্ষা মন্ত্রক এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে দেশকে সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। কূটনৈতিক মহলের এখন একটাই চিন্তা, এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy