ফেব্রুয়ারি মানেই বসন্তের হাওয়া আর হৃদয়ে প্রেমের ছোঁয়া। দম্পতি ও নতুন প্রেমিক-প্রেমিকাদের জন্য বছরের সবথেকে কাঙ্ক্ষিত সময় ‘ভ্যালেন্টাইন্স উইক’ বা ভালোবাসার সপ্তাহ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রেমের উদযাপন। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি দিনের আলাদা গুরুত্ব রয়েছে।
সপ্তাহের শুরু ৭ ফেব্রুয়ারি (শনিবার) ‘রোজ ডে’ দিয়ে, যেখানে গোলাপের রঙে মনের কথা বলবেন সবাই। এরপর ৮ ফেব্রুয়ারি ‘প্রপোজ ডে’, যা মনের মানুষকে প্রস্তাব দেওয়ার সেরা দিন। সম্পর্কের মিষ্টত্ব বাড়াতে ৯ ফেব্রুয়ারি ‘চকলেট ডে’ এবং সঙ্গীকে আদুরে উপহার দিতে ১০ ফেব্রুয়ারি ‘টেডি ডে’ পালন করা হবে। সম্পর্কের ভিত মজবুত করতে ১১ ফেব্রুয়ারি ‘প্রমিস ডে’ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দম্পতিরা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন।
সপ্তাহের শেষলগ্নে ১২ ফেব্রুয়ারি ‘হাগ ডে’, ১৩ ফেব্রুয়ারি ‘কিস ডে’ এবং পরিশেষে সেই মাহেন্দ্রক্ষণ— ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’। সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে পালিত এই দিনটি হলো ভালোবাসার চূড়ান্ত জয়গান গাওয়ার দিন। আপনি কি প্রস্তুত আপনার সঙ্গীকে এই সাত দিন নতুন করে প্রেমে ফেলতে? দেখে নিন তালিকার দিনগুলি এবং সেরে নিন প্রস্তুতি।