ক্যাবচালকের অশালীন আচরণ, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত

দিল্লিতে এক কলেজ ছাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগে ক্যাবচালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির মরিসনগর এলাকায়। অভিযোগ, সোমবার ওই ছাত্রী কলেজে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলেন। গাড়িতে ওঠার পর থেকেই চালক তার সাথে অশালীন আচরণ শুরু করেন।

পুলিশ সূত্রে খবর, ২২ বছর বয়সী ওই তরুণী আম্বেদকর কলেজের স্নাতকোত্তর ছাত্রী। সোমবার কলেজে যেতে দেরি হওয়ায় তিনি একটি অ্যাপ ক্যাব বুক করেন। বুকিংয়ের পর প্রায় ১০ মিনিট অপেক্ষা করার সময়ে চালক তাকে ফোন করে বুকিং বাতিল না করার অনুরোধ করেন।

তরুণীর অভিযোগ, গাড়িতে ওঠার পর চালক লোম শঙ্কর তাকে সামনের সিটে বসতে বলেন। কিন্তু তিনি পেছনের সিটে বসেন। কথোপকথনের সময় তরুণী জানতে পারেন চালক দক্ষিণ ভারতের বাসিন্দা। এরপরই শঙ্কর তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন এবং তাকে বারবার স্পর্শ করার চেষ্টা করেন। তরুণী বারবার বলার পরও চালক গাড়ি না থামানোয়, তিনি ভয় পেয়ে যান।

অবশেষে দিল্লির বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি থামতেই তরুণী দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান এবং সোজা মরিস নগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ৪৮ বছর বয়সী শঙ্কর মালকা গঞ্জের বাসিন্দা। তাকে গ্রেফতারের পাশাপাশি ক্যাবটিও বাজেয়াপ্ত করা হয়েছে।