ইরানের মসনদে বসার এক মাস পেরিয়ে গেলেও এখনও দেখা মেলেনি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর। মাঝেমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর কিছু লিখিত বিবৃতি পাঠ করা হলেও, তাঁর দীর্ঘ অনুপস্থিতি বিশ্বজুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অবশেষে The Times-এ প্রকাশিত এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, মোজতবা খামেনেই বর্তমানে গুরুতর অসুস্থ এবং কোম শহরে চিকিৎসাধীন রয়েছেন।
আমেরিকা ও ইজরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি একটি কূটনৈতিক নথিতে বলা হয়েছে, খামেনেই বর্তমানে সংজ্ঞাহীন বা অচেতন অবস্থায় রয়েছেন। তিনি এমন এক ‘গুরুতর’ শারীরিক সমস্যায় ভুগছেন যে, দেশের কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইজরায়েলি বিমান হামলায় প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হন। আমেরিকার দাবি, সেই একই হামলায় মোজতবা নিজেও মারাত্মক আহত হয়েছিলেন এবং তাঁর চেহারা ‘বিকৃত’ হয়ে গিয়েছে।
যদিও গুঞ্জন ছিল যে চিকিৎসার জন্য তাঁকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে, তবে সর্বশেষ রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে তিনি ইরানেই আছেন। এই রহস্যময় অসুস্থতা ইরানের শাসনব্যবস্থায় এক বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে।





