বসন্তের শেষবেলায় বাংলার আবহাওয়ায় এক অদ্ভুত দোলাচল। একদিকে ‘সুপার এল নিনো’র প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হয়েছে ঝড়-বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, আজ রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আদ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে শহরবাসীকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সিকিমের ওপরের অংশে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সাময়িকভাবে কমলেও আজ রবিবার থেকেই ফের তা বাড়তে শুরু করবে।
দক্ষিণবঙ্গের জন্য রয়েছে মিশ্র খবর। রবিবার এবং সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানে। উপকূলের জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ থাকবে। যদিও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত কম, তবে সোমবার থেকে সামান্য বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত না হলেও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। ‘সুপার এল নিনো’র কারণে এবার স্বাভাবিকের চেয়ে বেশি গরম পড়ার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে দুপুরের দিকে রোদের তেজ বাড়ার সাথে সাথে অস্বস্তিও বাড়বে বলে সতর্ক করা হয়েছে।