রাজস্থানের কোটায় পড়তে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন কোচবিহারের ১৯ বছর বয়সি ছাত্র অনরণ্য কর্মকার। শনিবার রাতে কোটার তালওয়ান্দি এলাকায় একটি বহুতল ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বহুতলটির একতলায় থাকা রেস্তরাঁয় মা সুদীপ্তা কর্মকারের সঙ্গে খেতে গিয়েছিলেন অনরণ্য। হঠাৎই বাড়ির একাংশ ভেঙে পড়লে দু’জনেই চাপা পড়েন। অনরণ্যকে উদ্ধার করা গেলেও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর মা চিকিৎসাধীন।
ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েক বছর ধরে মা সুদীপ্তা দেবীকে নিয়েই কোটায় থাকছিলেন অনরণ্য। কোচবিহার শহরের এই তরুণের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, পরিবারকে সবরকম সহযোগিতা করা হচ্ছে। কোটার মতো জায়গায় এমন পরিকাঠামোগত বিপর্যয় ও প্রশাসনের নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিবেশীরা।