কোচবিহার সীমান্তে ফের রক্তপাত! বিএসএফ-এর গুলিতে খতম ১ বাংলাদেশি অনুপ্রবেশকারী

উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার পারদ চড়ল। কোচবিহার জেলার মাথাভাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে গিয়ে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে মাথাভাঙ্গা সীমান্তের সাতগ্রাম ক্যাম্প সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে দাবি, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছেন কর্তব্যরত জওয়ানরা।

স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ৭-৮ জনের একটি দল কাঁটাতার কেটে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। জওয়ানরা তাঁদের বারবার সতর্ক করলেও অনুপ্রবেশকারীরা তা অমান্য করে এগিয়ে আসতে থাকে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে জওয়ানরা গুলি চালান। এতেই মহম্মদ আলি হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত ব্যক্তি বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বিএসএফ ও বিজিবি-র মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy