অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর তার ও বনি কাপুরের সম্পর্ক নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, এবার সেই বিষয়ে মুখ খুললেন তাদের মেয়ে জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুজবে জল ঢেলে দিয়েছেন।
শ্রীদেবীর কাকা একবার বলেছিলেন যে, শ্রীদেবী এই বিয়েতে মোটেও সুখী ছিলেন না। এমনকি, বনি কাপুর নাকি একবার শ্রীদেবীর গয়না বিক্রি করতে চেয়েছিলেন, যা নিয়ে তাদের মধ্যে বচসা চলত। এই ধরনের নানা খবর তখন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
কিন্তু জাহ্নবী কাপুর এসব জল্পনায় আপত্তি জানিয়ে বলেন, তার মা ও বাবার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি বলেন, “আমি ছোট থেকে তা দেখেই বড় হয়েছি।” তিনি নিজেও চান তার হবু স্বামীর সঙ্গে তার সম্পর্কও যেন এমনই হয়।
জাহ্নবী অভিযোগ করেন, তিনি যা বলেন বা যে মন্তব্য করেন, তা অনেক সময়ই রঙ চড়িয়ে দর্শকদের সামনে তুলে ধরা হয়। তবে তিনি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, যে তার পরিবার প্রকৃত অর্থেই একটি সুখী পরিবার ছিল। যদিও তাদের নিয়ে কটাক্ষ এবং ট্রোলিং কোনোদিনই কম ছিল না, জাহ্নবী জানিয়েছেন যে তিনি এসব বিষয়ে কান দেন না। তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী এবং এখন তার লক্ষ্য ভালো কাজ করা।
জাহ্নবী বলেন, তার সম্পর্কে যে ধরনের মন্তব্য ভাইরাল হতে দেখা যায়, সেগুলো দেখে তিনি নিজেই অবাক হয়ে যান। অনেকেই তার সম্পর্কে এমন অনেক কথা লিখে থাকেন, যা তিনি আদপে বলেননি।
তার এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি এখন ট্রোলিংকে খুব বেশি গুরুত্ব দেন না। নিজের পরিবার বা নিজের সম্পর্কে কোনো মন্তব্য হলে তিনি সেগুলো এড়িয়ে যেতেই বেশি পছন্দ করেন।





