‘কেন মুখে লিউকোপ্লাস্ট মোদিবাবুর?’ আরামবাগ থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার!

ভবানীপুর উপনির্বাচনের মনোনয়ন জমা দিয়েই রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের ‘কলকাতা পর্যন্ত হামলা’ চালানোর হুমকির প্রসঙ্গ টেনে মমতা প্রশ্ন তোলেন, “বাংলাকে যখন পাকিস্তান হুমকি দিচ্ছে, তখন কেন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বসে আছেন মোদিবাবু?”

এদিনের সভা থেকে কেবল বিদেশ নীতি নয়, এনআরসি এবং ভোটার তালিকা নিয়েও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম দফার ভোটের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মোটাভাই (অমিত শাহ) যাঁর বাড়িতে ভাত খেয়েছিলেন, তাঁর নামও তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে।” বিজেপিকে বিঁধে তাঁর কটাক্ষ, “আর কয়েকটা দিন, তারপর বিজেপি এপাশ, ওপাশ, ধপাস!”

ভোটের আবহে এদিন একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা। তিনি জানান, রাজ্যে কোনও কাঁচা বাড়ি থাকবে না, সব পাকা করে দেওয়া হবে। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প আজীবন চালু রাখার নিশ্চয়তা দেন তিনি। আলু চাষিদের আশ্বস্ত করে জানান, সরকার নিজেই আলু কিনছে, তাই উদ্বেগের কোনও কারণ নেই। সব মিলিয়ে, ‘ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই’ করার বার্তায় ভোটের পারদ আরও চড়ালেন তৃণমূল সুপ্রিমো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy