কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! পুজোর পরেই বাড়তে পারে ডিএ, কত শতাংশ?

রাজ্যের সরকারি কর্মীরা যখন ডিএ (DA)-র জন্য আন্দোলন করছেন, তখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে সুখবর। সূত্রের খবর, পুজোর পরেই কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করতে পারে। এর ফলে দেশের প্রায় ১.২ কোটি সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন।

কেন্দ্রীয় সরকারের সূত্র অনুযায়ী, অক্টোবর মাসের শুরুতেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এবারও গতবারের মতো ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন। যদি নতুন করে ৩% ডিএ বৃদ্ধি পায়, তাহলে মোট ডিএ বেড়ে হবে ৫৮%।

সপ্তম বেতন কমিশনের অধীনে, কেন্দ্রীয় সরকার কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (CPI-IW)-এর ওপর ভিত্তি করে ডিএ গণনা করে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এই সূচকের গড় ডেটার ওপর ভিত্তি করেই এই ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে।

কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার ডিএ ঘোষণা করে— একটি হোলির সময় এবং অন্যটি দীপাবলির সময়। যদি এবারও এই ধারা বজায় থাকে, তাহলে অক্টোবর মাসের বেতনের সঙ্গেই কর্মীরা বর্ধিত ডিএ-র টাকা হাতে পাবেন। এতে কেন্দ্র এবং প্রতিরক্ষা বিভাগের কর্মী, রেলওয়ে কর্মী এবং পেনশনভোগীরাও সমানভাবে উপকৃত হবেন।