কেন্দ্রীয় কর্মীরা যখন হতাশ, তখন বড় চমক সিকিম সরকারের! এক ধাক্কায় বাড়ল ডিএ ও ডিআর

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখন তাঁদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন, ঠিক সেই সময়েই রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ এক উপহার নিয়ে এল সিকিম সরকার। নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ও মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির কথা ঘোষণা করেছে সিকিম সরকার। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর মুখে হাসি ফুটল।
নতুন ঘোষণা অনুযায়ী, মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সংশোধিত হার কার্যকর হবে আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে। সিকিম সরকারের অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, এই বর্ধিত সুবিধা পাবেন সেই সমস্ত কর্মচারী এবং পেনশনভোগী, যাঁরা পুরনো এবং সংশোধিত উভয় মূল বেতন কাঠামোর (Basic Pay Structure) অধীনে বেতন বা পেনশন পেয়ে থাকেন।
পুরনো মূল বেতন কাঠামোর অধীনে বেতন বা পেনশন গ্রহণকারী রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর ২৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৬২ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, পুরনো কাঠামোর আওতায় থাকা কর্মীরা এক লাফে ৫ শতাংশ মহার্ঘ ভাতা বেশি পাবেন। অন্যদিকে, সংশোধিত বা নতুন মূল বেতন কাঠামোর অধীনে বেতনপ্রাপ্ত কর্মচারীদের জন্য ডিএ এবং ডিআর ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে নতুন কাঠামোর কর্মীরা ২ শতাংশ অতিরিক্ত ডিএ পাবেন।
শুধু স্থায়ী কর্মচারীরাই নন, এই সংশোধিত হারের সুবিধা পাবেন চুক্তিভিত্তিক (Contractual) কর্মচারী এবং বিভিন্ন কর্মভারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও, যাঁরা রাজ্য সরকারি কর্মচারীদের মতো নিয়মিত বেতন স্কেল পেয়ে থাকেন। পাশাপাশি, সিকিম সরকারের অধীনে কর্মরত সর্বভারতীয় পরিষেবা বা AIS (All India Service) অফিসারদের জন্যও মহার্ঘ ভাতা সংশোধন করা হয়েছে। ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের পুরনো বেতন কাঠামোয় থাকা এআইএস অফিসারদের ডিএ ২৫৭% থেকে বেড়ে ২৬২% হয়েছে এবং সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সংশোধিত কাঠামোয় থাকা অফিসারদের ডিএ ৫৮% থেকে বেড়ে ৬০% করা হয়েছে। নতুন বছরের শুরুতে সরকারের এই পদক্ষেপে খুশি রাজ্যবাসীর একাংশ।