মাঝরাতে ভয়াবহ তাণ্ডব! মহারাষ্ট্রের হাইস্পিড ক্যারেজওয়েতে পিক-আপ ভ্যানে ট্রাকের ধাক্কায় মৃত ৭

মহারাষ্ট্রের অমরাবতী জেলার সমৃদ্ধি হাইওয়েতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে একটি বোলেরো পিকআপ ভ্যানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে প্রকাশ, ধামনগাঁও রেলওয়ে স্টেশনের কাছে হাইস্পিড ক্যারেজওয়ের ৯৭ নম্বর লেনে রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং ২১ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে প্রথমে ধামনগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় পরে তাঁদের ওয়ার্ধার আদানি ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ স্থানান্তরিত করা হয়।

আদানি ইনস্টিটিউটের এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পিটিআই-কে জানান যে, হাসপাতালে নিয়ে আসার আগেই আরও দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ফলে এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। বর্তমানে আহত ১৯ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য নাগপুরে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং কী কারণে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।