২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, আর সেখানেই সবথেকে বড় চমক—খড়গপুরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম নেই। ২০২১-এ হারানো আসন উদ্ধার করে ‘ঐতিহাসিক’ জয় এনে দেওয়া হিরণের টিকিট না পাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে হিরণ কিছুটা অভিমানী সুরে বলেন, “দল এক বছর আগেই জানিয়ে দিয়েছিল খড়গপুরে টিকিট দেবে না। চাইলে তখনই ছেড়ে যেতে পারতাম, কিন্তু দলের প্রতি সম্মানের খাতিরে কাজ করে গিয়েছি।”
নিজের সাফল্যের খতিয়ান দিয়ে অভিনেতা-বিধায়ক জানান, ৬৪ হাজার ভোটে পিছিয়ে থাকা খড়গপুরকে তিনি জিতিয়েছিলেন এবং বিজেপির একমাত্র বিধায়ক হিসেবে কাউন্সিলর ভোটেও জয়ী হয়েছিলেন। হিরণের কথায়, “যাঁরা ভাবতেন সুপারস্টাররা শুধু দামী গাড়িতে চড়ে হাত নাড়েন, তাঁদের ধারণা আমি ভাঙতে পেরেছি। আজ সাংবাদিকরাও আমার কাজ নিয়ে কথা বলছেন, এটাই বড় জয়।” ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রেখে তিনি জানান, দল যখন যেখানে দায়িত্ব দেবে তিনি কাজ করতে প্রস্তুত। তবে সমালোচকদের কড়া বার্তা দিয়ে হিরণ বলেন, “যাঁরা আমার নিন্দে করছেন, তাঁরাই বুঝিয়ে দিচ্ছেন আমি কতটা গুরুত্বপূর্ণ।”