২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার অনেক আগে থেকেই বাংলাকে ‘পাখির চোখ’ করেছে বিজেপি। সেই লক্ষ্যেই আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) একদিনের সফরে নদীয়ার মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৩১ জানুয়ারি ব্যারাকপুরের পর ফের চলতি মাসেই তাঁর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সূচি অনুযায়ী শাহের মায়াপুর সফর: সূত্রের খবর, বুধবার দুপুর ১:৩০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি সরাসরি মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। মায়াপুর ইসকন মন্দিরের অস্থায়ী হেলিপ্যাডে নেমে তিনি সড়কপথে প্রথমে শঙ্খভবনে যাবেন। এরপর তাঁর গন্তব্য পদ্মভবন। সেখানে ইসকনের প্রবীণ সাধু ও ব্রহ্মচারীদের সঙ্গে তাঁর একটি রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বৈষ্ণব উৎসবে অংশগ্রহণ: শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মতিথি উপলক্ষে মায়াপুরে বর্তমানে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আরতিও সম্পন্ন করবেন। সামনেই দোল উৎসব, তার আগে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত মায়াপুরে ভিড় জমিয়েছেন। শাহের আগমনে নদীয়া জেলা প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে গোটা মন্দির চত্বর।
বিজেপি শিবিরের দাবি, এটি একান্তই আধ্যাত্মিক সফর। তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের ক্ষত সরিয়ে ২০২৬-এর আগে হিন্দু ও বৈষ্ণব ভাবাবেগকে সংহত করতেই শাহের এই কৃষ্ণ-স্মরণ। দোল উৎসবের প্রাক্কালে মায়াপুর থেকে তিনি কোনো রাজনৈতিক বার্তা দেন কি না, এখন সেটাই দেখার।