কুনাল কামরার টি-শার্টে বিতর্ক! কুকুরের ছবি ও RSS ইঙ্গিত, ক্ষোভে ফেটে পড়ল বিজেপি, পুলিশি অ্যাকশনের হুঁশিয়ারি

স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুনাল কামরা ফের একবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁর টি-শার্টে একটি কুকুরের ছবি এবং আরএসএস (RSS)-সম্পর্কিত একটি ইঙ্গিত রয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, “Not Clicked at a comedy club” (কোনও কমেডি ক্লাবে তোলা নয় এই ছবি)। কুণালের এই পোস্টকে ঘিরে বিজেপি ও শিবসেনার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।
বিজেপি-র কড়া হুঁশিয়ারি:
আরএসএস হলো বিজেপির আদর্শগত মেন্টর। এই প্রেক্ষিতে পোস্টটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। মঙ্গলবারই মহারাষ্ট্রের মন্ত্রী এবং রাজ্যের বিজেপির শীর্ষ নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে কুণালের তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় কোনও ব্যক্তি যদি আপত্তিজনক মন্তব্য বা পোস্ট করেন, পুলিশ অবশ্যই তা নিয়ে কঠোর পদক্ষেপ নেবে।
তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেন, “যে কেউ এমন আপত্তিজনক পোস্ট করলে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে।” কুণালের এই পোস্টটি ইতিমধ্যেই প্রায় ৩ মিলিয়নের কাছাকাছি ভিউ পেয়েছে।
শিবসেনা নেতার তোপ:
বিজেপি-ঘনিষ্ঠ শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাট আরও কড়া সুরে প্রতিক্রিয়া দেন। তিনি অভিযোগ করেন, কুনাল কামরা দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ করে আসছেন। এবার তিনি সরাসরি RSS-কে লক্ষ্য করে কটাক্ষ করেছেন।
মন্ত্রীর মতে, “আগেও তিনি মোদীজি ও একনাথ শিন্ডেকে টার্গেট করেছেন। এবার সরাসরি RSS-কে আক্রমণ করার সাহস দেখিয়েছেন। বিজেপির উচিত এর রাজনৈতিকভাবে আরও শক্ত জবাব দেওয়া।”
পূর্বের বিতর্ক:
এর আগে গত মার্চ মাসেও কুণাল জাতীয় খবরের শিরোনামে এসেছিলেন। তখন তিনি শো চলাকালীন এক হিন্দি গানের লিরিক্স বদলে একনাথ শিন্ডের রাজনৈতিক কেরিয়ারকে ব্যঙ্গ করেন। সেই ঘটনায় শিন্ডে-অনুগামীরা মুম্বইয়ের হ্যাবিট্যাট কমেডি ক্লাবে হামলা চালায় এবং ভাঙচুর করে।
সাম্প্রতিক বিতর্কের পর কুণাল অবশ্য আবারও সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ছবিটি তাঁর শো-এর অংশ নয়। কিন্তু বিজেপি নেতাদের অভিযোগ, কুণালের এই পোস্ট শুধু অসম্মানজনক নয়, বরং উস্কানি ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছে। রাজনৈতিক মহলে এখন জল্পনা, এই মন্তব্যের জেরে কি সত্যিই পুলিশের পদক্ষেপ শুরু হবে?